‘সেই কালো ইতিহাসে ফিরতে চাই না’

‘সেই কালো ইতিহাসে ফিরতে চাই না’

অতীতে সংসদে স্পিকারকে পিটিয়ে হত্যা এবং জুতা ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটেছে উল্লেখ করে সেই ‘কালো ইতিহাসে’ ফিরে যেতে চান না বলে জানিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার জাতীয় সংসদে স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের একপর্যায়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘অতীতে তো স্পিকারকে পিটিয়ে মারা হয়েছে, ডেপুটি স্পিকার শাহেদ আলী সাহেবকে হত্যা করা হয়েছে, জুতা ছোড়াছুড়ি হয়েছে। আমরা সেই কালো ইতিহাসে ফিরে যেতে চাই না।’

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যসংখ্যার অনুপাতে ২৬ শতাংশ স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়ার কথা। একইভাবে কমিটিগুলোর সভাপতির পদেও ২৬ শতাংশ পাওয়ার প্রত্যাশা ছিল বিরোধী দলের। কিন্তু এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে দেওয়া হয়নি।

চিফ হুইপের সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ তুলে বিরোধী দলীয় উপনেতা বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলে তাদের সভাপতি পদ দেওয়া হবে—এমন কোনো সমঝোতা হয়নি।

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে আমরা যাব এবং সেই হিসেবে আপনি আমাদের সভাপতি দেবেন—এমন কথা আমরা কখনোই বলিনি। আমাদের নীতিগত সিদ্ধান্ত হলো, আমরা সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করব না। একটি কমিটিতে জয়েন করানোর জন্য শর্ত আরোপ করে জোর-জবরদস্তি করার ট্র্যাডিশন আমরা সঠিক মনে করি না।’

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, এটি জনগণের সংসদ। তাই বৈষম্যবিরোধী এই সংসদে বিরোধী দল হিসেবে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন