র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নতুন কোনো এলিট ফোর্স বা বিশেষায়িত বাহিনী গঠনের আগে আরও আলোচনা ও পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব এলে তা বিবেচনা করা যেতে পারে বলে মত দেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, নির্বাচনের আগে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে সরকার গঠন করলে র‍্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই র‍্যাব বিলুপ্তির যে প্রস্তাব আনা হয়েছে, তিনি সেটিকে সর্বান্তকরণে সমর্থন করেন এবং এই প্রস্তাব আনার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

র‍্যাবের বিকল্প বা নতুন বাহিনী গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এলিট ফোর্সের রিপ্লেসমেন্ট হিসেবে অথবা নতুন করে যেটাই হোক, এটা গঠনের প্রয়োজনীয়তা থাকতে পারে। তবে, এর আগে আরও আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন।’

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাইবার স্পেসে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের শিকার সরকারি দল, বিরোধী দল ও সাধারণ মানুষ। তাই এ ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, ‘হয়তোবা একটা সাইবার সিকিউরিটি ফোর্স আমাদের বিল্ড আপ করা লাগতে পারে। সেরকম ভালো কিছু করলে আমরা অবশ্যই সমর্থন দেব।’

নতুন বাহিনী যেন কোনোভাবেই দমন-পীড়নের হাতিয়ার না হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, এটি যেন রিপ্রেশনের উদ্দেশ্যে না হয়ে মানুষের ব্যক্তিগত মর্যাদা রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে নতুন বাহিনী গঠনের বিষয়টি নিয়ে আরও চিন্তাভাবনা ও প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, ‘উনারাও আরেকটু চিন্তা করুন, আমরাও একটু চিন্তা করি, আর একটু হোমওয়ার্ক করি।’

জনগণের মনে যাতে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নতুন কোনো বাহিনী গঠন করা হলে জনগণের মধ্যে যেন এমন ধারণা তৈরি না হয় যে কেবল পদ্ধতি বা মোড়ক পরিবর্তন করে একই ধরনের প্রতিষ্ঠান আবার ফিরিয়ে আনা হয়েছে। নতুন ব্যবস্থার টোটাল কনসেপ্ট যে পরিবর্তিত হয়েছে, সেই নিশ্চয়তা জনগণের সামনে তুলে ধরতে হবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, ‘আমি এটার পক্ষে, কিন্তু সবাই মিলে আমরা করি, কনভিন্স হয়ে করি, আরও একটু হোমওয়ার্ক করে করি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন