লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করে জার্মানির নেওয়া পদক্ষেপকে ‘বাস্তব যুদ্ধের সূচনা’ বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়ার লক্ষ্যকেও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তিনি।
রোববার রুশ সংবাদমাধ্যম ভেস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন লাভরভ। লেইপজিগ বিমানবন্দরে ইউক্রেনগামী কার্গো বিমানের কাছে ড্রোন উড়ানোর ঘটনার জন্য জার্মানি রাশিয়াকে দায়ী করলেও এ বিষয়ে যথাযথ তদন্ত করা হয়নি বলে দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। লাভরভ বলেন, ড্রোনটি কার ছিল, তা তদন্ত করার কেউই চেষ্টা করেনি। তার ভাষায়, এ ধরনের অভিযোগ ও পদক্ষেপ ‘বাস্তব যুদ্ধের সূচনা’।
তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জার্মানির যুদ্ধ শুরুর সময়ের ঘটনাগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতির কিছুটা মিল রয়েছে। এ প্রসঙ্গে তিনি জার্মানির রুশ কনস্যুলেট জেনারেল এবং রাশিয়ান হাউস বন্ধের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। লাভরভ বলেন, এ ধরনের খেলা একেবারেই অগ্রহণযোগ্য। তারা আবার যুদ্ধ চায়।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎসের নেতৃত্বাধীন সরকারের ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন লাভরভ। তিনি বলেন, এটি একটি ‘বিপজ্জনক ঘটনা’ এবং রাশিয়ার নেতৃত্ব এ বিষয়ে ‘উপযুক্ত সিদ্ধান্ত’ নেবে। মেরৎসের বক্তব্যের সমালোচনা করে লাভরভ বলেন, তিনি মূলত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। ইতিহাসের শিক্ষা থেকে তারা একেবারেই শিক্ষা নেয়নি।
জার্মানির নিষেধাজ্ঞা
লেইপজিগ বিমানবন্দরের ড্রোন-সংক্রান্ত ঘটনার পর গত মঙ্গলবার জার্মানি আনুষ্ঠানিকভাবে এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করে।
জার্মানির নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বন শহরে রাশিয়ার কনস্যুলেট জেনারেল বন্ধ করা। পাশাপাশি ২০১১ সালে রাশিয়া ও জার্মানির মধ্যে সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নিয়ে করা একটি চুক্তি বাতিল এবং বার্লিনে অবস্থিত রাশিয়ান হাউস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রাশিয়ায় কর্মরত জার্মান কূটনৈতিক ও সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার নির্দেশও দিয়েছে জার্মানি।
ড্রোন ঘটনাকে কেন্দ্র করে জার্মানি-রাশিয়ার মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, লাভরভের সর্বশেষ মন্তব্যে তা আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


