মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

সম্প্রতি পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গেছেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে মক্কায় গিয়ে এবার কেবল নিজের জন্যই নয়, নিজের দেশ ও দেশের পুরো তরুণ প্রজন্মের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি।

মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাখি আবেদন জানান, ঈশ্বর যেন তাঁর দেশকে রক্ষা করেন এবং মানুষকে ভুল পথে চালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে নিরাপদ রাখেন। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি, তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের মান-সম্মান বজায় রাখার আকুতি জানান তিনি। দেশের রাজনৈতিক নেতাদের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রার্থনা করেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

প্রার্থনার এক পর্যায়ে দেশের একটি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন রাখি। যেখানে আইফোন কেনার আবদার কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এক পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেন। ঘটনাটি উল্লেখ করে তরুণদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন রাখি।

তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দামি জিনিসপত্র বা আইফোনের চাহিদার জন্য বাবা-মাকে যেন কেউ কষ্ট না দেন।

এছাড়াও কঠোর পরিশ্রম করে নিজের উপার্জনে নিজের ভবিষ্যৎ ও জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে রাখি জানান, জন্মসূত্রে তিনি হিন্দু, পরবর্তীতে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে তিনি সব ধর্মকেই সমান সম্মান করেন। মক্কার এই সফরে নিজের প্রার্থনার মধ্য দিয়ে শিক্ষা, সততা এবং বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ববোধের ওপরই বিশেষভাবে জোর দিলেন এই অভিনেত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন