এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাস করেছেন ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। অর্থাৎ, পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

বিজ্ঞাপন

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন