অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের ব্যাপক গ্রেপ্তার বন্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা।
বুধবার নেতানিয়াহুর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে ৪৭ সদস্যের ডেমোক্র্যাট সিনেটরদের মধ্যে ৪৫ জন স্বাক্ষর করেছেন। বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখেছে। এতে সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের ‘প্রাণঘাতী সহিংসতা’ বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
চিঠিতে নেতানিয়াহুকে পশ্চিম তীরে সহিংসতা দমনে ইসরাইলি পুলিশ ও সামরিক বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধী যে পক্ষেরই হোক না কেন, সহিংসতার ঘটনায় দ্রুত হস্তক্ষেপ এবং তা প্রতিরোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডেমোক্র্যাট সিনেটররা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে সহিংসতার ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ ঘটেছে। এর জেরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বসতিস্থাপনকারীদের মসজিদে হামলার অভিযোগও উঠেছে।
চিঠিতে পশ্চিম তীরে ২০২২ সাল থেকে ইসরাইলি বসতিস্থাপনকারী বা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত নয়জন মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়। এসব মৃত্যুর বিষয়ে তদন্ত জোরদার করার জন্যও নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান সিনেটররা।
চিঠিটি এমন এক সময়ে পাঠানো হলো, যখন ইসরাইল সরকারের পশ্চিম তীর নীতি নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের মধ্যে অসন্তোষ বাড়ছে। গাজা যুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডের কারণে এরই মধ্যে দলটির অনেক সদস্য দেশটির জন্য মার্কিন সামরিক সহায়তার ওপর বিধিনিষেধ আরোপের দাবিও জানিয়েছেন।
চিঠিটি যৌথভাবে তৈরি করেন ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ, নিউইয়র্কের ডেমোক্র্যাট নেতা ও সিনেটর চাক শুমার এবং নিউ জার্সির সিনেটর কোরি বুকার। শুমার দীর্ঘদিন ধরে মার্কিন কংগ্রেসে ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত।
চিঠিতে পশ্চিম তীরের সাম্প্রতিক একটি প্রাণঘাতী ঘটনার কথাও উল্লেখ করা হয়। গত সপ্তাহে ইহুদি বসতিস্থাপনকারীদের একটি দলের নিরাপত্তায় থাকা এক ইসরাইলি ব্যক্তি ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালান বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে ১৭ বছর বয়সী এক কিশোর এবং ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
এ ঘটনার প্রেক্ষাপটে মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা পশ্চিম তীরে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপের ওপর জোর দিয়েছেন।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


