বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নদী পথে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে বলে জানান তিনি।
বুধবার (৮ জুলাই) সব কার্যক্রম বন্ধ ছিলো তবে বৃহস্পতিবার (৯ জুলাই) শুধু মাত্র পাঠদান বন্ধ থাকবে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


