বোর্ডগুলোর প্রস্তুতি শেষ হবে ২৮ জুলাইয়ের মধ্যে

এইচএসসি নিয়ে অস্থিরতায় পেছাচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি নিয়ে অস্থিরতায় পেছাচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের প্রাথমিক ঘোষণা থাকলেও তা হচ্ছে না। কবে এই ফল প্রকাশ হবে-তা এখনো ঠিক হয়নি। এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট অস্থিরতার কারণে শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি এখনো শেষ না হওয়ায় এই বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তবে আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে প্রস্তুতি শেষ করার প্রত্যাশার কথা জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি শনিবার আমার দেশকে বলেন, ২০ জুলাইয়ে ফল প্রকাশের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল, তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে এ সময়ে হয়তো আমরা প্রস্তুতি নিতে পারব না। আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে সব বোর্ডের প্রস্তুতি শেষ হবে বলে জানানো হয়েছে। এ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে ফল প্রকাশের সম্ভাব্য কোন তারিখ এখনো ঠিক হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সে অনুযায়ী ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে ভারী বর্ষণ ও জলাবদ্ধ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান নিয়ে সৃষ্ট অস্থিরতায় প্রশাসনিক জরুরি কাজে ব্যস্ত থাকায় সেই কাজ শেষ করতে পারেনি বোর্ডগুলো।

সূত্রমতে, সাধারণ রীতি অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর দেশের ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন