পরীক্ষা শুরু কাল

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে দাখিলে

স্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে দাখিলে
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড ও পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ।

এদিকে, গত বছরের তুলনায় চলতি বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমলেও মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে গত বছর দুই লাখ ৮৬ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশ নিলেও এবার অংশ নিচ্ছে তিন লাখ চার হাজার ২৮৬ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বোর্ডের অধীন সারা দেশের ৯ হাজার ১২৫টি প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া তিন লাখ চার হাজার ২৮৬ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র এক লাখ ৬১ হাজার ৪৯১ এবং ছাত্রী এক লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৭৪২টি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে তিন লাখ চার হাজার ২৮৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৭০ হাজার ৮৩৭ জন। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালেও প্রায় এক লাখ এসএসসি পরীক্ষার্থী কমেছিল। ২০২৪ সালে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে রয়েছে তিন লাখ ৬৬ হাজার ৬৫০ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র এক লাখ ৬৯ হাজার ৯৩৯ এবং ছাত্রী এক লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তিন হাজার ৪৪১টি।

বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৮৩১ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ৫১৫টি।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৭৭ হাজার ৭০৯ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ এবং ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৪টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুই হাজার ২৭৯টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৪৬ হাজার ৮১৭ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৭৭ এবং ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৭টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ৮২২টি।

যশোর শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ এবং ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৯৯টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুই হাজার ৫৭২টি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৩০ হাজার ৬৬৮ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৮টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ২১৮টি।

সিলেট শিক্ষা বোর্ডে এবার ৮৯ হাজার ৪২১ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২২৫টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৯৭৩টি।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৮১ হাজার ৮৫৪ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৮৩টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দুই হাজার ৮১০টি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক লাখ আট হাজার ৩৫৯ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৯২৬ এবং ছাত্রী ৫২ হাজার ৪৩৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ১৮৮টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এক হাজার ৩৩৮টি।

সব মিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৬৭ হাজার ৩০৫ এবং ছাত্রী সাত লাখ ৫১ হাজার ৩৯৮ জন। মোট কেন্দ্র দুই হাজার ৪৯০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১৮ হাজার ৪৭৯টি।

কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ৫০৯ এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তিন হাজার ৬২টি। এ বোর্ডেও পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গত বছর এ বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল এক লাখ ৩৮ হাজার ২০৪ শিক্ষার্থী।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট কেন্দ্র তিন হাজার ৮৮৫টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩০ হাজার ৬৬৬টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন