সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা
ছবি: সংগৃহীত

অভাব যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নের শেষ ঠিকানা না হয়—এই বার্তা সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা এগিয়ে নিতে কাজ করা প্ল্যাটফর্ম ‘স্বপ্ন সারথী’ আয়োজন করেছে ‘সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’। প্রতিকূলতা জয় করে শিক্ষাজীবনে সাফল্য অর্জন করা দেশের ৮টি স্কুলের ৮২ জন শিক্ষার্থীকে এ অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজনের মূল স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, একটি শিশুর স্বপ্ন কখনো তার পরিবারের আর্থিক সামর্থ্যের কাছে হার মানতে পারে না। প্রতিটি শিশু যেন তার মেধা ও যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করার সুযোগ পায়, সে লক্ষ্যেই ‘স্বপ্ন সারথী’র যাত্রা। বিভিন্ন সংগঠনের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একত্র করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের স্বপ্ন পূরণের প্রয়োজনীয় সুযোগ ও সাহস দেওয়াই তাদের লক্ষ্য।

প্রধান অতিথি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন, অবহেলিত ও পিছিয়ে পড়া শিশু-কিশোর ও তরুণদের জন্য ‘স্বপ্ন সারথী’র এ আয়োজন বেশ অর্থবহ। এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। আয়োজক সংগঠনগুলোর কার্যক্রমও প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথি কবি ও সাহিত্যিক আনিসুল হক শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের স্বপ্ন পূরণে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন, কৃতি শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন