নয় জনের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

নয় জনের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিলে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অন্য একটি গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় আলাউদ্দিন নামের এক ফিটার গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চৌধুরীঘাটায় অবস্থিত ‘বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে’ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এটিও একটি গ্রিন সনদ-ধারী ইয়ার্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ আলাউদ্দিনের হাত থেকে একটি ভারী মালামাল ছুটে নিচে পড়ে যায়। এতে তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠান। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের শ্রম পরিদর্শক সাহেদ পারভেজ তালুকদার বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং ওই আহত শ্রমিক

বর্তমানে সুস্থ আছে।

এদিকে গ্রিন ইয়ার্ডে একটির পর একটি দুর্ঘটনায় জাহাজ ভাঙা শিল্পের সার্বিক নিরাপত্তা ও সরকারি সংস্থাগুলোর তদারকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন' (ইপসা)।

সংস্থাটির হেড অব অ্যাডভোকেসি মোহাম্মদ আলী শাহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, "নয়জন শ্রমিকের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই অন্য আরেকটি ইয়ার্ডে আবার দুর্ঘটনার খবর এলো। এতেই স্পষ্ট বোঝা যায় জাহাজ ভাঙা শিল্পের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কতটা গাফিলতি রয়েছে। এই পুরো শিল্প খাতকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের বিশেষ নজরদারি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া এখন জরুরি।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন