হিজাব পরায় কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সামাজিক মাধ্যমে হিজাব পরিহিত ছবি প্রকাশের পর থেকেই কটাক্ষ সহ্য করতে হচ্ছে অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্প্রতি আবুধাবিতে বেড়াতে যান অঙ্কিতা। সেখান থেকে স্বামীর সঙ্গে একগুচ্ছ রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতেই একশ্রেণির নেটিজেনের উগ্র মন্তব্য ও কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।
অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ। ছবিগুলো দেখার পর কট্টরপন্থি নেটিজেনদের একটি অংশ অঙ্কিতাকে লক্ষ্য করে নেতিবাচক মন্তব্য করা শুরু করে। তার ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
একজন লিখেছেন, ‘হিন্দু হয়েও কেন হিজাব পরেছেন?’অন্য একজনের প্রশ্ন, ‘আপনি কি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে গেছেন?’ ক্ষোভ এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে একযোগে অঙ্কিতাকে আনফলো করার ডাকও দিয়েছেন।
তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি অঙ্কিতা। অবশ্য নেটিজেনদের অনেকে পাশে দাঁড়িয়েছেন তার। অনেকের মতে ধর্মীয় স্থানে প্রবেশের সময় এমন পোশাকই শ্রেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


