রাজধানীর ডেমরা থানায় অপহরণের পর ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে জামিনের এ আদেশ দেন।
নোবেলের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানিন শুনানি করেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে। আসামি জামিন পেলে বাদীর কোনো আপত্তি নেই। বাদী আদালতে উপস্থিত আছেন। বিচারক তখন বাদীকে জিজ্ঞাসা করেন, আপনাদের মধ্যে কি আপোষ হয়েছে। আসামি জামিন পেলে কি আপনার কোন আপত্তি আছে।
জবাবে বাদী বলেন, না স্যার। আমার কোনো আপত্তি নেই। এরপর বিচারক বলেন, জামিনের দরখাস্তে সেই কথাটা লিখে দেন। পরে বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, আদালত নোবেলকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। আশা করি, আজকেই কারামুক্ত হবেন তিনি।
জামিন শুনানি করতে এদিন আসামি নোবেলকে আদালতে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার বাদীর সাথে গল্প করেন নোবেল।
গত ১৮ জুন ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে আইনজীবীর আবেদন পর নোবেল এবং ওই তরুণীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করতে নির্দেশ দেন বিচারক। আদেশের পরদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ভুক্তভোগী ওই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী। মামলা দায়েরের পরই নোবেলকে ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

