চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘ক্লেফেইস’

ডিসি কমিকসের জনপ্রিয় খলচরিত্রকে কেন্দ্র করে নির্মিত নতুন সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ অক্টোবর। একই দিনে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে উপভোগ করতে পারবেন আলোচিত এই চলচ্চিত্রটি।

জেমস ওয়াটকিন্স পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসনসহ আরও অনেকে। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন হরর ধারার পরিচিত নির্মাতা মাইক ফ্ল্যানাগান।

বিজ্ঞাপন

ব্যাটম্যানের কমিকস জগতে ‘ক্লেফেইস’ এমন এক রহস্যময় চরিত্র, যার শরীর কাদার মতো রূপ পরিবর্তন করতে পারে এবং মুহূর্তেই যেকোনো মানুষের চেহারা ধারণ করতে সক্ষম। চরিত্রটিকে কেন্দ্র করে তৈরি এই গল্পে রহস্য, শারীরিক রূপান্তর, পরিচয়ের সংকট ও আতঙ্ককে মুখ্য করে তোলা হয়েছে।

গল্পের মূল চরিত্র ম্যাট হ্যাগেন—গোথাম শহরের এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা থেকে হলিউডের প্রতিষ্ঠিত তারকা হয়ে ওঠেন। তবে স্থানীয় এক অপরাধী চক্রের হামলায় তার মুখমণ্ডল ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এতে থমকে যায় তার অভিনয়জীবন ও ভবিষ্যৎ। পরবর্তীতে নিজের আগের রূপ ফিরে পেতে এক অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতির সাহায্য নেন তিনি। চিকিৎসার প্রভাবে তার চেহারার সৌন্দর্য ফিরলেও দেখা দেয় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া। ধীরে ধীরে তার শরীর ও মানসিকতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটতে থাকে এবং তিনি এক ভয়ংকর রূপ ধারণ করেন। যা একপর্যায়ে চরম প্রতিশোধে রূপ নেয়।

প্রচলিত রূপালী পর্দার অ্যাকশনকেন্দ্রিক সুপারহিরো সিনেমার বাইরে গিয়ে এতে প্রাধান্য দেওয়া হয়েছে ‘বডি হরর’ ও মনস্তাত্ত্বিক আতঙ্ক। মুখাবয়বের বিকৃতি, আকৃতির অস্বাভাবিক পরিবর্তন এবং বিজ্ঞানের অপব্যবহারের পরিণতি এতে ভয়ালভাবে দেখানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সমালোচক ও বিনোদনপ্রেমীদের মাঝে ইতিবাচক সাড়া মিলেছে। বিশেষ করে এর ভিজ্যুয়াল ইফেক্ট, মেকআপ এবং ভিন্ন ধাঁচের নির্মাণশৈলী দর্শকমনে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন