আগামীকাল প্রচারিত হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

বিনোদন রিপোর্টার

আগামীকাল প্রচারিত হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা হয়েছিল ইত্যাদির একটি বিশেষ পর্ব। আম্রকানন কেবল প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। চাঁপাইনবাবগঞ্জ তথা প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানী আমলে যা গৌরবের চরম শিখরে উন্নীত হয়েছিল-তা যুগে যুগে সমৃদ্ধ হয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে।

আগামীকাল, শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ইত্যাদির অন্যান্য পর্ব থেকে চমৎকার সব অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব। যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, তাই ইত্যাদির এই বিশেষ সংকলিত পর্বটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ দিয়ে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামান এর লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। রয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। গানটিতে বিভিন্ন অফিসের কিছু অসংগতি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...