ঢাকার ডিসি অফিসে মতবিনিময়

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

স্টাফ রিপোর্টার

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশনা জামায়াতের দুই এমপির

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসাইনের সঙ্গে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়কালে সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে তা সমাধানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ঢাকার জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

মতবিনিময় পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এমপি দ্বয়ের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন, যাত্রাবাড়ী পুর্ব থানা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

পরিচিতি সভায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসন যদি আন্তরিকভাবে নিজ-নিজ দায়িত্ব পালন করে তবে জনসাধারণ উপকৃত হবে। জনগণের সেবক হিসেবে প্রত্যেকে নিজ-নিজ অবস্থান থেকে সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে তিনি আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, একজন ডিসি যদি দুর্নীতিমুক্ত থাকেন তবে তাদের অধীনের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার সাহস করবে না। এজন্য প্রত্যেক ডিসিকে দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ঢাকার উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্বলিতভাবে জনগণের স্বার্থে কাজ করতে তিনি আহ্বান জানান।

এছাড়াও বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত "নজরুল বর্ষ" উৎযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং সৈয়দ জয়নুল আবেদীন এমপি। ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন