নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৬’-এর আয়োজন করেছে নাট্যসংগঠন ‘স্বপ্নদল’। ‘ঐতিহ্যধারায় সম্মুখযাত্রী বাঙলা নাট্যরথ, রবীন্দ্রনাথ-সেলিম আল দীনে পায় পূর্ণতার পথ’ স্লোগানকে সামনে রেখে আগামী ১৮ এবং ২০-২১ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবের প্রথম দিন ১৮ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে স্মরণ-শোভাযাত্রা বের করা হবে এবং নাট্যাচার্যের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।
উৎসবের দ্বিতীয় ধাপে ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫:৩০ ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ১২৪ ও ১২৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সমাপনী দিন ২১ আগস্ট (শুক্রবার) একই স্থানে বিকেল ৫:০০ ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘হরগজ’-এর ৫২ ও ৫৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জাহিদ রিপনের নির্দেশনায় দুটি নাটকই গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতিতে নির্মিত।
মহাভারতের গল্প অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’ নাটকে নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন ও আত্মপরিচয়ের সংকট তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ১৯৮৯ সালে মানিকগঞ্জের প্রলয়ংকারী টর্নেডোর ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে রচিত ‘হরগজ’ নাটকে বিধ্বস্ত মানবভুবন এবং আর্ত মানুষের প্রতি সহমর্মিতার এক অনন্য রূপক ফুটিয়ে তুলেছেন নাট্যাচার্য।
উল্লেখ্য, আধুনিক বাংলা নাটকের অন্যতম পথিকৃৎ নাট্যাচার্য সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। নাট্যাচার্যের স্মৃতি ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই স্বপ্নদলের এই ৩৪তম উৎসবের আয়োজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

