আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬’-এর অফিশিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন।
সোমবার রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ এবং ঈশায়া তাহসিনের মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ইমেকার্স বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নূর সিবা। অন্যদিকে ঈশায়া তাহসিন নিজ পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতাটির অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত রয়েছে গাজী টেলিভিশন। প্রতিষ্ঠানটি আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট, বিশেষ অনুষ্ঠান ও সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন প্রতিযোগিতাটির ব্র্যান্ড প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, জনসংযোগ ও গণমাধ্যমে উপস্থাপনার দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং গণমাধ্যম যোগাযোগের বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেবেন।
ইমেকার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সফল আয়োজন করে সুনাম অর্জন করেছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘আরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’, ‘শ্রেয়া ঘোষাল লাইভ ইন ঢাকা’, ‘বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো বড় ইভেন্ট আয়োজন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি মিস ইন্টারকন্টিনেন্টাল-এর বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজির জাতীয় আয়োজক হিসেবে কাজ করছে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, মেধা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ইমেকার্স বাংলাদেশের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) নূর সিবা বলেন, ‘ঈশায়া তাহসিনের মতো জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সম্পৃক্ততা আমাদের প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি গাজী টেলিভিশনের মতো শক্তিশালী সম্প্রচার অংশীদার যুক্ত হওয়ায় আয়োজনটি কোটি দর্শকের কাছে পৌঁছাবে। এই অংশীদারিত্ব আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তরুণীদের আগ্রহ আরও বাড়াবে বলে আমরা বিশ্বাস করি।’
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈশায়া তাহসিন ও গাজী টেলিভিশনের এই যুক্ততা প্রতিযোগিতাটির ব্র্যান্ডিং, ডিজিটাল প্রচারণা, জনসম্পৃক্ততা ও টেলিভিশন সম্প্রচারকে অনেক বেশি শক্তিশালী করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরো সুদৃঢ় হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


