আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে শিল্পী মুবতাসিম আলভীর ‘আ শেয়ার্ড কন্ডিশন’ শীর্ষক প্রদর্শনী। এ আয়োজনে আলিয়ঁস ফ্রঁসেজের সঙ্গে রয়েছে আর্টকন। গত শনিবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি শিল্পীর প্রথম একক শিল্প প্রদর্শনী। ‘আ শেয়ার্ড কন্ডিশন’ কিউরেট করেছেন শিল্পী মুস্তাফা জামান।
মুবতাসিম আলভী একজন বহুমাত্রিক শিল্পী, অ্যানিমেটর ও অ্যাকটিভিস্ট। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা বিভাগে এমএফএ-এ অধ্যয়নরত। তার শিল্পচর্চা বিমূর্ততা, উপলব্ধি ও প্রক্রিয়াভিত্তিক অনুসন্ধানের মধ্য দিয়ে ব্যক্তিগত ও সমষ্টিগত বাস্তবতার সংযোগ অনুসন্ধান করে।
শিল্পী আলভী সিলেবাদ কালেকটিভ এবং চারুকলা অ্যানিমেশন সোসাইটির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানগুলো সমন্বিত শিক্ষণ ও সৃজনশীল নিরীক্ষাকে উৎসাহিত করে। তার কাজ ব্যক্তিনির্ভর সৃষ্টির সীমা ছাড়িয়ে সমষ্টিগত শিল্পচর্চা, সংলাপ এবং আন্তঃবিষয়ক পরিবৃত্তিকে গুরুত্ব দেয়।
‘আ শেয়ার্ড কন্ডিশন’ ব্যক্তিগত ও সমষ্টিগত অভিজ্ঞতার মধ্যবর্তী ক্ষেত্রকে অনুসন্ধান করে। এতে মানসিক ও আবেগগত অবস্থাকে শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিকভাবে নির্মিত বলেও প্রশ্ন তোলা হয়েছে। প্রবণতা ও অস্পষ্ট ধারণা থেকে উৎসারিত হয়ে আলভীর কাজে বিমূর্ততার ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে রূপ ও চিত্র আবির্ভূত হয়, যা স্মৃতি, অনুভূতি এবং পরিচয়ের স্তরবিন্যাসকে প্রতিফলিত করে।
প্রদর্শনীতে অ্যাক্রিলিক, স্প্রে পেইন্ট, প্যাস্টেল, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে ২০২৪-২৬ সময়কালে নির্মিত প্রায় ১০০টি কাজ প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি সমষ্টিগত আয়োজনে বিষয়ভিত্তিক আলোচনা, কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, ইন্টারঅ্যাকটিভ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা, কনসার্ট ও পারফরম্যান্স আর্ট অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

