সংগীতাঙ্গনের সবচেয়ে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। দেশের সংগীত অঙ্গনে রাজসিক আগমনের পর বিতর্কিত কর্মকাণ্ড পিছু ছাড়েনি তার। এ জন্য খুইয়েছেন নিজের অবস্থান। এক নারীকে নির্যাতনের মামলায় এখন ঢাকার কেন্দ্রীয় কারাগারের বাসিন্দা।
শনিবার ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জের এই কারাগারে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চে উঠে নোবেল গেয়েছেন নগর বাউল জেমসের গান। মাতিয়েছেন বন্দিদের।
ঈদের দিনে জেলের বন্দিদের জন্য গান গেয়ে হয়তো ‘আশা’ দেখিয়েছেন নোবেল। বন্দি মানুষগুলোর জন্যও হয়তো ঈদ হতে পারে আনন্দের। তবে, নোবেল পরিশুদ্ধ হয়ে ফিরে আসবেন গানের জগতে, এমনটাই হয়তো চাইবেন তার ভক্তরা।
ঈদের দিন বিকাল সাড়ে তিনটায় কারা কর্তৃপক্ষের আয়োজনে বন্দিশালার মাঠে আয়োজিত হয় এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঞ্চে নোবেল ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’-সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। নোবেলের কণ্ঠে গাওয়া এসব গান শুনে বন্দিরাও আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে। এরপর গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়।
থানা সূত্র জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় নোবেলকে গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

