৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে পালিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবস

বিনোদন রিপোর্টার

৬ শতাধিক শিল্পীর অংশগ্রহণে পালিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবস

আগামী ২৯ এপ্রিল পালিত হবে আন্তর্জাতিক নৃত্য দিবস। এ দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে ২৮ ও ২৯ এপ্রিল আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

আগামীকাল ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা)-পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আগামীকাল বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালা ভবনের সম্মুখ থেকে ঢাক-ঢোল বাদক ও দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘সবুজ মাঠ সোনার ধান’ পরিবেশন করবেন, নৃত্য পরিচালনা করেছেন রূহী আফসানা দীপ্তি।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে নৃত্যছন্দ নৃত্যদল, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, স্বাত্তিক শিল্পাশ্রম, আকৃতি নৃত্যদল, সাধনা, ছান্দসিক, রেওয়াজ পারফরমার্স স্কুল, নান্দনিক নৃত্য সংগঠন, নাইম খান ডান্স কোম্পানী, নৃত্যকল্প, নৃত্যযতন, কালারস অফ হিল, ঝংকার ললিতকলা একাডেমি, নৃত্যলহরী, জিনিয়া নৃত্যকলা একাডেমি, দেব ডান্স একাডেমি, ভঙ্গিমা ডান্স থিয়েটার সহ আরো অনেকে।

২৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী দিনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২২টি দল। দলগুলো বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...