স্টার সিনেপ্লেক্সে ‘১ টিকেট কিনলে ১টি ফ্রি’ অফার

স্টার সিনেপ্লেক্সে ‘১ টিকেট কিনলে ১টি ফ্রি’ অফার

পথচলার ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য এক বিশেষ অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। আগামী ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় যেকোনো সিনেমার একটি টিকেট কিনলে আরেকটি টিকেট একদম ফ্রি পাবেন দর্শকরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অফারটি কেবল ৮ অক্টোবরের জন্য প্রযোজ্য থাকবে। এর সুবিধা পেতে দর্শকদের স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকেট সংগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

টিকেট অফারের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ফ্রি মুভি ভাউচার জিতে নেওয়ার সুযোগ। এজন্য স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিটি শেয়ার করতে হবে। এ বিষয়ে বিস্তারিত বিবরণ প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পাওয়া যাবে।

২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করেছিল দেশের প্রথম মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। আন্তর্জাতিকমানের আধুনিক প্রেক্ষাগৃহ, উন্নত সাউন্ড সিস্টেম ও নান্দনিক পরিবেশের মাধ্যমে পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারিয়ে যাওয়া সংস্কৃতি নতুন করে ফিরিয়ে আনে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের প্রসারেও বড় ভূমিকা রেখে আসছে এটি।

প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে, তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা পাশে ছিলেন বলেই এই দীর্ঘ পথচলা সার্থক হয়েছে। ভালো সিনেমার জন্য দর্শকরা সবসময় মুখিয়ে থাকেন। আমরা চাই আমাদের দেশে নিয়মিত মানসম্মত ছবি নির্মিত হোক এবং দর্শকরা যেন হলমুখী থাকেন।”

বর্তমানে ঢাকায় বসুন্ধরা সিটির মূল শাখাসহ সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী), সামরিক জাদুঘর, সনি স্কয়ার (মিরপুর), সেন্টার পয়েন্ট (উত্তরা), সীমান্ত টাওয়ার (নারায়ণগঞ্জ) এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরই বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঢাকার আরও কয়েকটি এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন