প্রকাশিত হলো জুঁইয়ের ফোক গান

‘ভালোবাসা এমন কেন’

‘ভালোবাসা এমন কেন’

এই প্রজন্মের ফোক ঘরানার শিল্পীদের মধ্যে ইসরাত জাহান জুঁই বেশ পরিচিত। একটা সময় অন্যের চ্যানেলের জন্য অনেক গান গেয়েছেন। কিন্তু কয়েক বছর ধরে জুঁই গান গাচ্ছেন নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’র জন্য।

সেই ধারাবাহিকতায় জুঁইয়ের কণ্ঠে তার নিজেরই চ্যানেলে প্রকাশ পেল নতুন ফোক গান ‘ভালোবাসা এমন কেন’। গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল সালাম সরকার। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

বিজ্ঞাপন

জুঁই বলেন, ‘ভালোবাসা এমন কেন— গানটির কথা ও সুর আমার কাছে খুব ভালো লাগায় এটি করার জন্য আগ্রহ প্রকাশ করি। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকের কাছ থেকে এত সাড়া পাচ্ছি, যাতে সত্যিই মুগ্ধ আমি। আমরা যারা নিয়মিত, বিশেষত নিজের চ্যানেলের জন্য গান করি, তাদের অনেক কষ্ট করতে হয়। সেই কষ্টটা করি শুধুই শ্রোতা-দর্শকের ভালো লাগার জন্য। যখন একটি নতুন গান প্রকাশ পায়, শ্রোতা-দর্শকের কাছ থেকে যখন সাড়া পেতে শুরু করি, তখন সত্যিই ভীষণ ভালো লাগে। নতুন কাজ করার সাহস পাই, অনুপ্রাণিত হই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সব ভক্ত-দর্শক-শ্রোতার প্রতি। শ্রোতা-দর্শকের উদ্দেশে আরেকটা কথা বলতে চাই। আমার গাওয়া গান ভালো লাগলে জানাবেন আর যদি খারাপ লাগে, তাহলে কেন খারাপ লাগল, তাও জানাবেন। তাহলে নিজেকে আরো ইমপ্রুভ করে নিতে পারব।’

জুঁইয়ের কণ্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘তুমি বুঝলা না’। এরপর তার কণ্ঠে প্রকাশিত আলোচিত, সাড়া ফেলা গানগুলো হলো ‘মিরপুর এক্সপ্রেস’, ‘শেষ পাখি’, ‘দুষ্টু মেয়ে’, ‘ষোলকলা’, ‘মরার কোকিলে’, ‘ভাগ্যে ছিলি না’, ‘বন্ধু বড় মায়া লাগাইছে’, ‘প্রেমের হাওয়া’, ‘তুমি কারে পাইয়া সুখি’, ‘পিরিত মধুর যন্ত্রণা’ ইত্যাদি।

আর কাভার করা গানের মধ্যে আলোচিত ‘তোমরা কইওগো বোঝাইয়া’ (প্রায় তিন কোটি), ‘জীবন মানে যন্ত্রণা’, ‘কলিজা ভুনা’, ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ ইত্যাদি গান জুঁইয়ের কণ্ঠে আবার ভীষণ আলোচনায় আসে। সব মিলিয়ে জুঁই এখন পর্যন্ত ২০০-এর বেশি গান করেছেন।

কিছুদিন আগেই তিনি ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীত বিষয়ে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। একই কলেজে তিনি একই বিষয়ে বর্তমানে মাস্টার্স করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন