ভেজাল পণ্য প্রচার করে বিপাকে বিউটি কুইন

ভেজাল পণ্য প্রচার করে বিপাকে বিউটি কুইন

ভেজাল পণ্য প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী প্রতিযোগিতা জয়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নগুয়েন থুক থুয়ি তিয়েন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২১ সালে ব্যাংককে আয়োজিত ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাতারাতি তারকাখ্যাতি পান ভিয়েতনামের নগুয়েন থুক থুয়ি তিয়েন। এছাড়া ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও স্বীকৃতি পান তিনি। এরপর থেকেই তিনি বিভিন্ন টেলিভিশন শো ও বিজ্ঞাপনে নিয়মিত অংশ নেন। পরিচিতি পান ‘বিউটি কুইন’ নামে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, তিয়েন ‘কেরা সুপারগ্রিনস গামি’ নামের ফাইবারযুক্ত জেলি জাতীয় পণ্যের প্রচার চালিয়ে বিপুল সংখ্যক গ্রাহককে প্রতারিত করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পণ্যে উল্লেখিত পরিমাণ ফাইবারের উপস্থিতি ছিল না। আর এতে ব্যবহৃত উপাদানগুলো ছিল একেবারেই নিম্নমানের।

এর আগে চলতি বছরের মার্চে নুগুয়েন ও তার দুই পার্টনারকে জরিমানা করা হয় এবং তারা ক্ষমাও চান। ওই সময় সংশ্লিষ্ট কোম্পানি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। এরপর আবার তাদের গ্রেপ্তার করে ভোক্তা প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের উচিত যাচাই-বাছাই ছাড়া কোনো পণ্যে বিশ্বাস না করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন