নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা 'হেলেন কেলার'-এর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল, ২১ মে, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে। ‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার স্বনামখ্যাত নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন-এর আমন্ত্রণে আগামী ৬ই জুন মেলবোর্নে মঞ্চায়নের পূর্বে এটি ‘হেলেন কেলার’ প্রযোজনাটির বিশেষ প্রদর্শনী।
দৃষ্টি, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ। উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা।
‘হেলেন কেলার’-এর মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল। কাল প্রযোজনাটির ৬৩তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি, ‘হেলেন কেলার’ প্রযোজনাটি দেশের বাইরে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে ছ’টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

