বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে নতুন রেকর্ড গড়লেন এ নায়িকা। দেশের জনপ্রিয় তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর (ফলোয়ার) সংখ্যায় নতুন মাইলফলকে পৌছেছেন তিনি। দীর্ঘদিন ধরে এ তালিকায় শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক পরীমণি।
বর্তমানে পরীমণির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। অর্থাৎ, দুই তারকার মধ্যে ব্যবধান এখন প্রায় ১০ লাখের। এর মধ্য দিয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীর দখলে।
গত বছরও দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। মাঝে কিছু সময়ের জন্য আবার এগিয়ে গিয়েছিলেন সাকিব। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমণি ১ মিলিয়নের বেশি ব্যবধানে এগিয়ে গেছেন।
প্রায় ১২ বছরের ক্যারিয়ারে পরীমণি অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও সেগুলোর কোনটিই বাণিজ্যিকভাবে বড় সাফল্যের তালিকায় জায়গা করে নিতে পারেনি। তবে ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন চর্চিত ঘটনার কারণে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

