উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী ও বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী শবনমের জন্মদিনে তাকে সারপ্রাইজ দিলেন নন্দিত নায়িকা শাবনাজ ও জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। আজ ১৭ আগস্ট শবনমের জন্মদিন। এ উপলক্ষে জন্মদিনের আগের দিন সন্ধ্যায় বারিধারার ডিপ্লোমেটিক জোনে কিংবদন্তী এই অভিনেত্রীর বাসায় হঠাৎ উপস্থিত হন তাঁরা।
সাংবাদিক অভি মঈনুদ্দীনের পরিকল্পনায় আয়োজিত এই সারপ্রাইজ দেখে অত্যন্ত আনন্দিত ও আবেগপ্লুত হয়ে পড়েন শবনম। ১৯৯২ সালের ২২ মে মুক্তিপ্রাপ্ত আজিজুর রহমানের কালজয়ী চলচ্চিত্র ‘দিল’-এ শবনমের সঙ্গে অভিনয় করেছিলেন শাবনাজ ও আফসানা মিমি। সেই থেকে গড়ে ওঠা দীর্ঘ তিন দশকের পথচলা ও স্মৃতির আড্ডায় মেতে ওঠেন তাঁরা।
অনুষ্ঠানে সংগীতশিল্পী রাশেদ ও তানজিন মিথিলা শবনমকে উৎসর্গ করে গান পরিবেশন করেন। রাশেদ পরিবেশন করেন ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, তার মৌলিক গান ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ এবং বিখ্যাত ‘চাঁদনী কা চাঁদ হো’। পরবর্তীতে তারা শবনম অভিনীত ‘হারানো দিন’ চলচ্চিত্রের বিখ্যাত গান ‘আমি রূপনগরের রাজকন্যা’ এবং লতা মুঙ্গেশকরের ‘লাগজা গালে’ গেয়ে শোনান। পুরো আয়োজনে গিটারে সুরের আবহ তৈরি করেন প্রখ্যাত গীটারিস্ট সাকীল মোহাম্মদ দীপন।
হঠাৎ এই আয়োজন নিয়ে অনুভূতি প্রকাশ করে শবনম বলেন, ‘নব্বই দশকের শেষপ্রান্তে ঢাকায় স্থায়ী হওয়ার পর থেকে আজ অবধি আমার জন্মদিনকে ঘিরে এভাবে কোনো উদযাপন হয়নি। শাবনাজ ও মিমি সময় বের করে এসেছে, সত্যিই আমি বিস্মিত ও অভিভূত। অনেক দিন পর মন খুলে গল্প করলাম।’
শাবনাজ বলেন, ‘শবনম আপা আমাদের চলচ্চিত্রের গর্ব। তাঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর জন্য সময় বের করাকে দায়িত্ব বলেই মনে করি।’
অন্যদিকে উচ্ছ্বাস প্রকাশ করে আফসানা মিমি বলেন, ‘শবনম আপাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে, জড়িয়ে ধরে ‘ওগো মা তুমি শুধু মা’ গানটির দুটি লাইন গাইতে পেরেছি—এটাই আমার কাছে অনেক বড় লাগার বিষয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

