উপমহাদেশের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী চিত্রা সিং ও সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় চারটি গান এবার শোনা যাবে এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্য’র কণ্ঠে। স্যাটেলাইট চ্যানেল আরটিভির জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি।
এরই মধ্যে চিত্রা সিং-এর গাওয়া জনপ্রিয় দুটি গান এবং সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় দুটি গানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে।
‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের প্রযোজক সৈয়দ নাহিদ জাহাঙ্গীর জানান, আগামী ১৮ জুলাই সন্ধ্যা ৭.২৫ মিনিটে আরটিভির পর্দায় এই গানগুলো দর্শক উপভোগ করতে পারবেন। গানগুলো হলো চিত্রা সিং-এর ‘বাঁকা চোখে বলনা’ ও ‘কথা ছিল দেখা হবে’ এবং সাবিনা ইয়াসমিনের ‘আজ বড় সুখে দুটি চোখে জল এসে যায়’ ও ‘নজর লাগবো বলে’।
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘গুণী এই দুই শিল্পীর গান গাইবার সুযোগ পাওয়াটাও পরম সৌভাগ্যের। যে চারটি গান পরিবেশন করার সুযোগ পেয়েছি চারটি গানই আসলে আমার ভীষণ প্রিয়। সময় সুযোগ পেলে আমি এই গানগুলো পরিবেশন করার চেষ্টা করি। সত্যি বলতে কী আমি এই ঘরানার গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রত্যেক শিল্পীরই একটি কমফোর্ট জোন থাকে, এই ঘরানার গানই আমার কমফোর্ট জোন।’
লাবণ্য, নিজের মৌলিক গানের কাজ নিয়েও মনোযোগী হয়ে উঠেছেন। তার ইচ্ছে এই বছরে যেন কয়েকটি ভালো মৌলিক গান প্রকাশ পায়। তার কণ্ঠে সর্বশেষ শ্রোতাপ্রিয় মৌলিক গান ছিল অভি মঈনুদ্দীনের লেখা ও সুর করা ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি। গানটিতে তার সহশিল্পী ছিলেন ইউসুফ আহমেদ খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

