চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ গণনা শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্ব আগামী দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালন করবে। শিল্পীদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন