ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

বিনোদন রিপোর্টার

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

রুমানা রশীদ ঈশিতা বাংলাদেশের একজন নন্দিত নাট্যাভিনেত্রী। তবে মাঝে মাঝে তিনি গানও করেন। তার কণ্ঠে প্রকাশিত বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গানও রয়েছে। দীর্ঘদিন তার কণ্ঠে নতুন কোনো মৌলিক গান নেই। যে কারণে এবার তিনি বর্ষার সময়কে প্রাধান্য দিয়ে একটি নতুন গান করতে যাচ্ছেন। গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানটি আজ থেকে কয়েক বছর আগের লেখা।

আগামী কিছুদিনের মধ্যে গানটির সংগীতায়োজনের কাজ শেষে ঈশিতা গানটিতে ভয়েজ দেবেন বলে জানান। ঈশিতা বলেন, ‘মন খারাপের এই দিনে’ গানটির কথা ও সুর যেদিন প্রথম শুনি আমার ভীষণ ভালো লেগে যায়। যেহেতু গানটি আগেই লেখা ও সুর করা ছিল, যে কারণে তার কাছে গানটি গাইবার ইচ্ছে প্রকাশ করি। তবে এরই মাঝে আম্মা ইন্তেকাল করলেন। সবকিছু সামলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতেও একটু সময় লাগছে। নিজের সংসার, সন্তান এবং আব্বুকেও সময় দিতে হয়। যে কারণে গানটি করতে একটু দেরিই হয়ে গেল। তবে এবার সত্যিই ইচ্ছে আছে গানটি পুরো বর্ষায় প্রকাশ করার। কিছুদিনের মধ্যেই গানটিতে ভয়েজ দেব। ইচ্ছে আছে টাঙ্গুয়ার হাওড়ে ভিডিও করার যাতে গানটির কথা ও সুরের সঙ্গে ভিডিওর সমন্বয়টা সুন্দর হয়। এখন শুধু ভয়েজ দেবার অপেক্ষা।

বিজ্ঞাপন

অভি মঈনুদ্দীন বলেন, ‘২০২১ সালের গান এটি। ২০২২ সালে গানটি নিয়ে কথা হয় ঈশিতার সঙ্গে। এরপর গানটি নিয়ে কয়েকবার কথা হলেও কোনোকিছু চূড়ান্ত হয়নি। কিন্তু অবশেষে কিছুদিনের মধ্যে গানটিতে ঈশিতা ভয়েজ দেবেন। আশা করি ভয়েজ দেবার পরপরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা শেষে একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, ঈশিতার কণ্ঠে উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘সব চাওয়াতো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’, ‘আমার অভিমান’, ‘রাত নিঝুম’ ইত্যাদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন