বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার

ঢাকার গুলশানের একটি হোটেল থেকে সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান ২ এলাকার ‘আমারি ঢাকা’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, আমরা তাকে গ্রেপ্তার করেছি।

বিজ্ঞাপন

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা আমার দেশকে বলেন, তাকে দীর্ঘদিন অনুসরণ করা হচ্ছিল। তার সামাজিক মাধ্যম ট্রেকিং করে ওই হোটেলে ৯১ নম্বর রুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোবারক হোসেন ওরফে ইমন ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে। ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাসহ সাত মামলার আসামি তিনি।

পুলিশ জানিয়েছে, মোবারক হোসেন অন্তত ১৫-২০টি অস্ত্র বহন করেছেন, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। তিনি অস্ত্র পরিচালনায় বেশ পারদর্শী। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে এনেছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তারা জানান, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন মোবারক হোসেন। এর আগে দেশে এই দলের নেতৃত্ব দিতেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। বর্তমানে ছোট সাজ্জাদ কারাগারে থাকায় মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান নামের দুজন দলটির নেতৃত্বে রয়েছেন। রায়হানের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র, খুনসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বড় সাজ্জাদের বাহিনীতে সক্রিয় রয়েছেন অন্তত ৫০ জন শুটার ও সহযোগী। মোহাম্মদ রায়হান ও মোবারক হোসেন সাজ্জাদের হয়ে প্রায়ই বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছেন। ভুক্তভোগী ব্যক্তিরা এসব বিষয়ে অভিযোগ করলেও পুলিশ তাদের নাগাল পাচ্ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন