আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

বিনোদন রিপোর্টার

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

ফ্রাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০২৬ উদযাপনে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করেছে তিন দিনের জমকালো সাংস্কৃতিক উৎসবে। এই আয়োজনের মাধ্যমে ফরাসি ভাষার ঐতিহ্য ও ফ্রাঙ্কোফোন সংস্কৃতির বহুমাত্রিক বৈচিত্র্য উদযাপন করা হবে।

প্রতিবছর বিশ্বের নানা প্রান্তে উদ্‌যাপিত ফ্রাঙ্কোফোনি উৎসব ফরাসি ভাষার চর্চাকে উৎসাহিত করে এবং ফ্রাঙ্কোফোন সম্প্রদায়ের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধিকে উদযাপন করে। এই উৎসবটি আন্তর্জাতিক সংগঠন ফ্রাঙ্কোফোনি সংস্থার ধারণ করা সংহতি, সংলাপ ও সাংস্কৃতিক বিনিময়ের মূল্যবোধকে প্রতিফলিত করে।

বিজ্ঞাপন

১৯৭০ সালে প্রতিষ্ঠিত লা ফ্রাঙ্কোফোনির আন্তর্জাতিক সংস্থা আজ বিশ্বের ৮৮টি রাষ্ট্র ও সরকারকে একত্রে যুক্ত করেছে—যার মধ্যে রয়েছে ৬১টি পূর্ণ সদস্য এবং ২৭টি পর্যবেক্ষক। এই বৃহৎ সম্প্রদায় বিশ্বজুড়ে ৯০০ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে প্রায় ৩২১ মিলিয়ন মানুষ ফরাসি ভাষাভাষী। শুধুমাত্র ভাষাগত সংযোগেই নয়, বরং মানবতাবাদী মূল্যবোধ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপকে শক্তিশালী করতেও এর সদস্যরা একযোগে কাজ করে।

ফ্রাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০২৬ উপলক্ষে আগামীকাল ৬ মার্চ, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম-ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ সেশন– ফ্রান্সে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য তথ্যবহুল একটি সেশন, ফ্রাঙ্কোফোনি কুইজ প্রতিযোগিতা, পেতঙ্ক টুর্নামেন্ট, ফ্রাঙ্কোফোনি কনসার্ট ।

৬ থেকে ৯ মার্চ পর্যন্ত দর্শনার্থীরা ফ্রাঙ্কোফোনি কমিউনিটি হ্যান্ডরিটেন পোয়েট্রি প্রদর্শনী উপভোগ করতে পারবেন। এই প্রদর্শনীর উদ্বোধন হবে ৬ মার্চ সকাল ১১:০০ টায়, গ্যালারি জুমে।

সেদিন সন্ধ্যায় দর্শকরা জ্যাঁ ককতোর বিখ্যাত মনোড্রামা দি হিউমান ভয়েজ এর নাট্য পরিবেশনা উপভোগ করতে পারবেন, যা সন্ধ্যা ৭টায় লা গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

ফ্রাঙ্কোফোনি উৎসবের সমাপনী আয়োজন হিসেবে ৯ মার্চ ২০২৬ তারিখে ফ্রাঙ্কোফোনি ফিল্ম শো-এর মাধ্যমে কসোভো ও সুইজারল্যান্ডের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এই বছর, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কানাডার হাই কমিশন এবং ফ্রান্স, সুইজারল্যান্ড ও কসোভোর দূতাবাসের সঙ্গে যৌথভাবে ফ্রাঙ্কোফোনি উদযাপন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন