আসছে মিম চৌধুরীর নতুন তিন নাটক

বিনোদন রিপোর্টার

আসছে মিম চৌধুরীর নতুন তিন নাটক

ভিন্ন ধরনের গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী মিম চৌধুরী। এবার জন্মদিন উপলক্ষে ভক্তদের নিজের অভিনীত নতুন তিনটি নাটকের খবর জানালেন এ অভিনেত্রী। গত মাসেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন তিনটি নাটক। নাটকগুলো হলো হারুন রুশোর ‘‌পাগলী হলেও মা’, মো. মেহেদী হাসানের ‘‌বাসর ঘরে মা’ ও শ্যামল বিশ্বাসের ‘‌মাছের কাঁটা’। প্রকাশের পর থেকেই নাটক তিনটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে জানা গেছে। আজ মিম চৌধুরীর জন্মদিন।

বিজ্ঞাপন

জন্মদিন প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘জন্মদিন নিয়ে আমার খুব বেশি উচ্ছ্বাস নেই। বছরের অন্য দিনগুলোর মতো আমার কাছে স্বাভাবিক একটি দিন। তবে পরিবারের মানুষের কারণে দিনটি অনেক অর্থবহ হয়ে ওঠে। এছাড়া বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, অনেক সহশিল্পী, নাটকের বিভিন্ন সেক্টরের প্রিয় প্রিয় মানুষ ও দর্শক-ভক্তদের কারণে দিনটি অনেক তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।’

অভিনেত্রীর মতে, একটা সময় জন্মদিন অনেক ভালো লাগার হয়ে ওঠে। তাই এবারের জন্মদিনও অনেক আনন্দের ও ভালো লাগার হয়ে উঠবে বলেই তার বিশ্বাস। একই সঙ্গে তিনি তার ভক্ত-দর্শকের উদ্দেশে তার অভিনীত নতুন তিনটি নাটক দেখার আহ্বান জানান। নাটকগুলো সম্পর্কে মিম চৌধুরী বলেন, ‘‌তিনটি নাটকেরই গল্প খুব সুন্দর। আমি প্রতিটি নাটকের চরিত্রেই মন দিয়ে অভিনয় করেছি। অভিনয় করতে করতে এখন অভিনয়ের প্রতি ভীষণ ভালো লাগা জন্মেছে। যে চরিত্রেই অভিনয় করি না কেন তা শতভাগ মন দিয়ে করি, যেন চরিত্রটি প্রাণবন্ত হয়ে ওঠে, দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়। আমি কৃতজ্ঞ আমার সব নাটকের নির্মাতা, সহশিল্পী, প্রযোজকসহ অন্যসব কুশলীর প্রতি। সবার সহযোগিতায়, ভালোবাসায় আমি আজকের এ অবস্থানে আসতে পেরেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন