দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মৃত্যু থেকে যতই পালাতে চেষ্টা করুক না কেন, পালাতে পারে না, এই বিষয়টিকে কেন্দ্র করেই প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী তারিক বিন আজাদের নতুন নাশিদ ‘পালানোর উপায় নাই’।
গত বৃহস্পতিবার শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে নাশিদটি প্রকাশিত হয়েছে। নাশিদটি লিখেছেন জনপ্রিয় গীতিকার মাসুম বিল্লাহ। আর সুর করেছেন শিল্পী তারিক বিন আজাদ নিজেই। পাশাপাশি নাশিদটির মিউজিক কম্পোজিশন করেছেন ফজলে রাব্বি, ভিডিও চিত্র ধারণ করেছেন আহমেদ সাইদ এবং সার্বিক সহোযোগিতায় ছিলেন তরুণ আলেম আব্দুল্লাহ আল মামুন।
নতুন নাশিদ প্রসঙ্গে তারিক বিন আজাদ বলেন, আমাদের উচিত অস্থায়ী জীবনে স্থায়ী কাজ করে পরকালীন শান্তির জন্য সর্বদা নিয়োজিত থাকা। এই নাশিদে মানুষের অন্তরে দুনিয়ার লোভ এবং মোহকে ভুলিয়ে দিয়ে পরজগতের কথা স্মরণ করে দেয়ার চেষ্টা করা হয়েছে। সংযমের মাস মাহে রমজানে এই অসাধারণ নাশিদটি শ্রোতাদের ভালো লাগবে প্রত্যাশা শিল্পী তারিক বিন আজাদের।
তারিক বিন আজাদ পেশায় একজন প্রভাষক। কিন্তু তার সৃষ্টিশীলতা অনন্য। এখন পর্যন্ত তিনি প্রায় ১০০টি নাশিদে সুর ও কণ্ঠ দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

