আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’- সাদিয়া ইসলাম মৌ

বিনোদন রিপোর্টার

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’- সাদিয়া ইসলাম মৌ

মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ক্যারিয়ারে দুটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। আসছে ঈদের আগের রাতে ‘পেন্সিল হিল’ শিরোনামের একটি গানে দেখা যাবে তাকে। এটি মৌ-এর তৃতীয় মিউজিক ভিডিও। পেন্সিল হিল লেখার পাশাপাশি সুর করেছেন এবং গেয়েছেন এই প্রজন্মের ব্যতিক্রম ধারার সংগীতশিল্পী আসিফ আলতাফ। মৌ এবং আলতাফ দুজনেই অভিনয় করেছেন পেন্সিল হিল-এ।

নিজের তৃতীয় মিউজিক ভিডিও নিয়ে সাদিয়া ইসলাম মৌ আমার দেশকে বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে’ গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম। দর্শক লুফে নিয়েছিল গানটি। এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই। কিন্তু করা হয়ে ওঠে না।”

বিজ্ঞাপন

মৌ বলেন, “আসিফ আলতাফ যখন জানালেন ‘পেন্সিল হিল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে। নাম শুনে বেশ আগ্রহ হলো। গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। রাজি হয়ে গেলাম। তাছাড়া, মিউজিক ভিডিওতে আমার উপস্থিতি গানটার ভাব বাড়িয়ে তুলেছে। আশা করি গানটি দর্শকের ভালো লাগবে।”

পেন্সিল হিল নিয়ে গায়ক, সুরকার ও গীতিকার আসিফ আলতাফ বলেন, ‘আমি সব সময় ব্যতিক্রম গান করি। পেন্সিল হিল অনেক আগে লেখা ও সুর করা একটি গান। আমি চেয়েছিলাম গানের সঙ্গে মানানসই একজন শিল্পী। হঠাৎ মনে হলো, আমাদের শৈশবের প্রিয় শিল্পী মৌ-কে প্রস্তাব দিয়ে দেখা যেতে পারে।’ ‘মৌ-এর রাজি হওয়াটা ছিল আমার জন্য আনন্দের সংবাদ। পুরো টিম বেশ যত্ন নিয়ে গানটা বানিয়েছেন। শ্রোতারা গানটা শুনে যেমন শান্তি পাবেন, দেখেও আনন্দ পাবেন।’ যোগ করেন আসিফ আলতাফ।

তিনি জানান, গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন শোয়েব আহমেদ। ঈদের আগের রাতে ‘আসিফ আলতাফ অফিশিয়াল’ নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একনাগাড়ে গানটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ। জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে করেন ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ নামের দুটি গান। এছাড়াও শ্রোতাদের একের পর এক উপহার দেন, ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ শিরোনামের গান।

গানগুলো বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতারা পছন্দ করেছেন। তার গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের চাপিয়ে দেওয়া বন্যা ও এ দেশের ভারতীয় দালালদের নিয়ে লেখেন প্রতিবাদী গান ‘দালালের বন্যা’।

গানটি তখন কয়েক কোটি দর্শক শুনেছেন। উল্লিখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশকিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন