ইউরোপের পাঁচ দেশে গান গাইতে সম্প্রতি উড়াল দিয়েছেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা লিজা। এই সফরে ফ্রান্সের প্যারিসে, লজিয়াম, সুইজারল্যান্ডে, ইতালি ও স্পেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংগীত পরিবেশন করবেন লিজা।
সংগীতশিল্পী আয়েশা মৌসুমীও লিজার সঙ্গে প্রতিটি শোতে একই মঞ্চে পারফর্ম করবেন বলে জানা গেছে। ইউরোপের পাঁচ দেশে স্টেজ শো নিয়ে লিজা বলেন, ‘একজন সংগীতশিল্পীর ভীষণ প্রিয় স্থান হচ্ছে স্টেজ। স্টেজ শোতে একজন শিল্পীকে সত্যিকার অর্থে চেনা যায়। কারণ এখানে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়।’
তিনি বলেন, ‘আমি আমার মৌলিক গান প্রতিটি শোতেই গেয়ে থাকি। কারণ আগে হচ্ছে আমার মৌলিক গানের প্রচার, প্রসার। কারণ মৌলিক গানই হলো একজন শিল্পীর পরিচয়। এরপর দর্শক-শ্রোতার অনুরোধে গান গেয়ে থাকি। ইউরোপের পাঁচ দেশে টানা গান গাইব ১৩ জুলাই পর্যন্ত। প্রত্যাশা রাখি, গানে গানে শ্রোতা-দর্শক বিশেষত প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের মন রাঙিয়ে দিতে পারব।’
এবারের ঈদে লিজার দুটি গান প্রকাশ পেয়েছে। দুটি গানেই তার সহশিল্পী কিশোর দাশ। কিশোরের ইউটিউব চ্যানেলে তার কথা ও সুরে প্রকাশ হয়েছে ‘ও প্রিয় ভালোবাসা নিও’। ইত্যাদিতে প্রচার হয়েছে জীবনের লেখা ও কিশোরের সুরে ‘কোনো কথা নেই’। তবে দুটি গানের মধ্যে কিশোরের লেখা ও সুর করা কিশোর-লিজার গাওয়া ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানটি শ্রোতা-দর্শকের মনে গেঁথে গেছে। এমনকি গানটি নিয়ে রুনা লায়লাও ভীষণ প্রশংসা করেছেন। কিশোর ও লিজার গায়কিরও প্রশংসা করেছেন রুনা লায়লা।
গত ঈদে ঢাকায় শো করেছেন লিজা। গেয়েছেন একাধিক টিভি অনুষ্ঠানেও। তবে সম্প্রতি বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় শো কমে এসেছে। এদিকে নতুন গানও জমেছে বেশ। লিজা বলেন, ‘অনেক গান জমে আছে। বেলাল খানের সঙ্গে একটি দ্বৈত গান আসবে, শওকত আলী ইমন ভাইয়ের সংগীতায়োজনে একটি গান প্রস্তুত। অডিও প্রস্তুত করে রেখেছি। ভিডিও বাকি। ভিডিও বানানো শেষে এক এক করে প্রকাশ করব। সব গানই আমার চ্যানেল থেকে আসবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

