আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে বাংলার বৌদ্ধ শিল্প ও আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে আয়োজিত ‘বাংলার বুদ্ধ: আমাদের পবিত্র সংঘ’-এর চতুর্থ আসর।
গত মঙ্গলবার, ২৮ এপ্রিল প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, চলবে ৬ মে, বুধবার পর্যন্ত।
দক্ষিণ এশিয়ায় অনন্য এই উদ্যোগ প্রতি বছর বাংলার ঐতিহ্যবাহী, পবিত্র শিল্পকে পুনরুজ্জীবিত ও সমসাময়িক প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে এই আয়োজন প্রতি বছরই প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের একত্রিত করে। বুদ্ধ পূর্ণিমার পবিত্রতা উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী শ্রী বুদ্ধের জীবন, দর্শন ও মানবিক বাণীকে দেশীয় শিল্পরীতির মাধ্যমে গভীর সংবেদনশীলতায় তুলে ধরে।
এ বছরের মূল ভাবনা বৌদ্ধধর্মের তৃতীয় রত্ন— ‘সংঘ’ বা পবিত্র সম্প্রদায়। মোট ৯১টি শিল্পকর্মের মধ্য দিয়ে এখানে প্রতিফলিত হয়েছে আধ্যাত্মিক সহযাত্রা, সর্বজনীন করুণা, মানবিক অভিজ্ঞতার ভাগাভাগি এবং সম্মিলিত জাগরণের আকাঙ্ক্ষা। শিল্পীরা তাদের কাজে ফুটিয়ে তুলেছেন সম্প্রীতি, ধ্যান চিন্তা, প্রকৃতির সঙ্গে মানবের গভীর সম্পর্ক এবং মানবজাতির আন্তঃসংযোগের বোধ।
এই আসরে অংশ নিয়েছেন ৮০ জন বাংলাদেশি শিল্পী, যারা জলরং, গোয়াশ, টেম্পেরা, ভাস্কর্য, মিনিয়েচার, বাটিক, অ্যাপ্লিক, উডকাট, নকশিকাঁথা, সিরামিক, প্রিন্টমেকিং ও ধাতুশিল্পসহ বিভিন্ন মাধ্যমে তাদের কাজ উপস্থাপন করেছেন। পাশাপাশি দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরাও এতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া অংশ নিচ্ছেন বুলবুল ললিতকলা একাডেমি এবং চীনের ইউনান আর্ট ইউনিভার্সিটির শিল্পীরা।
প্রদর্শনীর সমাপনী দিনে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো বেস্ট আর্টিস্টস অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। এতে প্রথম পুরস্কার ৮০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫৮,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ৩৫,০০০ টাকা এবং সেরা শিক্ষার্থী শিল্পকর্মের জন্য ৩৫,০০০ টাকা প্রদান করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

