অভিনেত্রী জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণার মামলায় জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন নায়িকা জাকিয়া কামাল মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। উল্টো গত বছরের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটির কাছে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।
ওই নথিতে আরও লেখা রয়েছে, আবদুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি এই বলে হুমকিও দিয়েছেন যে, বেশি বাড়াবাড়ি করিলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দিবেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানান, আসামির বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

