প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধতা ছড়াল কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র, প্রশংসিত নৃত্যনাট্য ‘রুদ্র-বীণা’

স্টাফ রিপোর্টার

প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধতা ছড়াল কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র, প্রশংসিত নৃত্যনাট্য ‘রুদ্র-বীণা’

শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করা প্রতিষ্ঠান কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র তাদের প্রথম নৃত্যানুষ্ঠান আয়োজন করেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানের প্রথম পর্বে কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থীরা শাস্ত্রীয়, লোকজ ও সৃজনশীল ধারার একাধিক নৃত্য পরিবেশন করেন। নতুন ও অভিজ্ঞ—উভয় স্তরের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শকরা উপভোগ করেন বৈচিত্র্যময় এক সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের পরিচালক ও নৃত্যশিল্পী বৃষ্টি বেপারীর পরিকল্পনা, পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সংক্ষিপ্ত নৃত্যনাট্য ‘রুদ্র-বীণা’। ধর্ষণের শিকার নারীদের প্রতিবাদ, আত্মমর্যাদা এবং ঘুরে দাঁড়ানোর শক্তিকে উপজীব্য করে নির্মিত এই প্রযোজনাটি দর্শকদের আবেগাপ্লুত করে। নৃত্যনাট্যটি শেষে উপস্থিত দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থীদের সম্মাননা, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সংস্কৃতিপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠান শেষে কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক বৃষ্টি বেপারী বলেন, “কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের প্রথম নৃত্যানুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের শিক্ষার্থীদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং উপস্থিত দর্শকদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ভবিষ্যতেও আমরা আরও মানসম্মত ও সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন নিয়ে সবার সামনে উপস্থিত হতে চাই।”

আয়োজকরা জানান, এই সফল আয়োজনের মধ্য দিয়ে কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র ভবিষ্যতেও শিল্প-সংস্কৃতির বিকাশে নিয়মিত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...