অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আলভী, তার মা ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইকরার স্বামী নাট্য অভিনেতা ও মডেল জাহের আলভীকে।
দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে গত ২৮ ফেব্রুয়ারি অভিনেতা আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেন। এ আত্মহত্যার জন্য ইকরার স্বামী ও অভিনেতা আলভীকে দোষী মনে করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
ইকরার পরিবারের দাবি, আত্মহত্যার আগে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। তাকে আত্মহত্যার পথে ঠেলে দেন তার বিশ্বাসভঙ্গকারী স্বামী আলভী। ইকরার পরিবারের আরও দাবি করেছেন, একমাত্র মেয়ের আত্মহত্যার পেছনে দায়ী তার শাশুড়ি ও স্বামী আলভীর পরকীয়ার সঙ্গী অভিনেত্রী তিথি।
এদিকে আলভী ও তিথির বিবাহবহির্ভূত সম্পর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট নিয়ে জোর আলোচনা চলছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জানান, মামলায় জাহের আলভীসহ তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি-না তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, জাহের আলভী নেপালে অবস্থান করছেন। ইকরার পরিবার ও তার বান্ধবীর অভিযোগ, কোনো শুটিং নয়, তিথির শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলভী নেপালে গেছেন। বিষয়টি জেনে গেয়েছিল ইকরা। এতে মানসিক সমস্যায় ভুগছিলো।
ইকরার বান্ধবী শিমি জানান, ‘ ইকরা আমার ভালো বান্ধবী। গত ২ বছর ধরে আলভীর সঙ্গে নাট্য অভিনেত্রী তিথির সঙ্গে সম্পর্ক চলে আসছিল। তিথির জন্মদিন উদযাপন উপলক্ষে আলভী নেপালে অবস্থান করছে।
তিনি আরও জানান, তিথির সঙ্গে সম্পর্ক ইতি টানার জন্য ইকরা আলভীকে বার বার বলে আসছিল। কিন্তু, তিনি কোনোভাবেই পাত্তা দিচ্ছেলেন না।
তিনি জানান, গত শনিবার ইকরা আলভীকে ফোন দিয়ে জানায় যে, তার তাদের সন্তান রিজিক অসুস্থ। কিন্তু, আলভী কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না। আলভী মনে করেছিলেন যে, নেপালে আসার কারণে তার স্ত্রী তাকে মিথ্যা বলছে। এই সব বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলো ইকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

