গঠনতন্ত্র লঙ্ঘন ও আর্থিক অচ্ছচ্ছতার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’খ্যাত নির্মাতা গাজী মাহবুব। সম্প্রতি তিনি সমিতিতে নিজের লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে একাধিক গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তোলেন এই নির্মাতা। গাজী মাহবুব জানান, সহযোগী ও সাধারণ সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ৭ (ঘ), ১১ (গ), ১২ (ঙ) এবং ১৩ (প)-সহ বেশ কিছু অনুচ্ছেদ বারবার অমান্য করা হয়েছে। নিয়ম না মেনে যোগ্যতাহীন ব্যক্তিদের সদস্যপদ দেওয়ায় অনেক ভুয়া পরিচালক সমিতিতে যুক্ত হয়েছেন বলে তিনি দাবি করেন।
বিজ্ঞপ্তিতে আর্থিক অনিয়মের বিষয়টিও তুলে ধরা হয়। পারিবারিক মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচসহ সমিতির বিভিন্ন অনুষ্ঠান শেষে আয়-ব্যয়ের হিসাব কার্যনির্বাহী সভায় পেশ না করায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ছাড়া শূন্য পদে সদস্য কো-অপ্ট করা এবং ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন কেন্দ্রিক চলমান মামলা নিয়ে কমিটিকে স্পষ্টভাবে কিছু অবহিত না করার অভিযোগও করেন গাজী মাহবুব।
অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গাজী মাহবুব বলেন, ‘অনিয়ম নিয়ে বারবার কথা বলেও কোনো সুরাহা মেলেনি। অনিয়ম করে ভোটার বাড়ানো হচ্ছে এবং যাকে-তাকে সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। এসব কারণেই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’
তবে এই পদত্যাগ ও আনা অভিযোগগুলোর বিষয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্বশীল কারও বক্তব্য এখনো পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

