বিশ্ব চলচ্চিত্রের প্রযুক্তির জোয়ারে শামিল হয়ে তৈরি হলো ইতিহাস। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম চলচ্চিত্র ‘গ্যাপ’ এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত এই সিনেমাটি সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো প্রকার কাটছাঁট ছাড়াই ‘আনকাট’ ছাড়পত্র পেয়েছে।
সার্টিফেকশন বোর্ডের সদস্যরা সিনেমাটির নির্মাণশৈলীর প্রশংসা করে প্রদর্শনীর অনুমোদন দেন। আগামী ৩১ অক্টোবর জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে এটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য, চরিত্র গঠন, অ্যানিমেশন, আবহসংগীত থেকে শুরু করে ভিজ্যুয়াল ইফেক্টসের বড় একটি অংশ এআই টুলের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয়ে যুক্ত ছিলেন এআই ভিজ্যুয়াল আর্টিস্ট আর্ক শিহাব, পরিচালক মাবরুর রশিদ বান্নাহ নিজে, রিজভী রিজু, সিনথিয়া ইয়াসমিন নুপুর, মিষ্টি ঘোষ, মোমেনা চৌধুরী, সাইফুল ইসলাম রাফি এবং জাহাঙ্গীর আলম।
এক প্রতিক্রিয়ায় পরিচালক মাবরুর রশিদ বান্নাহ বলেন, “‘গ্যাপ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি সাহসী পরীক্ষা। আন্তর্জাতিক মানের এআই টুলস ব্যবহার করে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রতিটি ফ্রেম ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পাওয়া আমাদের জন্য বিশাল এক স্বীকৃতি। কম বাজেট ও সীমিত জনবল নিয়েও যে নতুন প্রযুক্তির সঠিক ব্যবহারে মানসম্মত কাজ সম্ভব, ‘গ্যাপ’ তার বড় উদাহরণ।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগটি দেশের চলচ্চিত্র অঙ্গনে এক নতুন যুগের সূচনা করবে এবং তরুণ নির্মাতাদের প্রযুক্তিনির্ভর নির্মাণে আরও উৎসাহিত করবে।
আকবর হায়দার মুন্না প্রযোজিত এই চলচ্চিত্রটি দেশের প্রযুক্তিনির্ভর বিনোদন জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

