চলচ্চিত্রকার, বর্ষীয়ান নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেল এবার নিজেই হয়ে উঠলেন মানবিক এক অনুপ্রেরণা। নিজের মৃত্যুর পর মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে ব্যবহারের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন এই গুণী নির্মাতা।
তানভীর মোকাম্মেল বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির ছবি শেয়ার করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, মর্যাদা, গোপনীয়তা ও সংবেদনশীলতা বজায় রেখে তাঁর দেহ বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষায় ব্যবহৃত হবে। তানভীর মোকাম্মেলের এ বিষয়ের অঙ্গীকার সংক্রান্ত সকল কাগজপত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগ কৃতজ্ঞতা সঙ্গে গ্রহণ করেছে।
বেশ কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন তানভীর মোকাম্মেল। পেয়েছেন কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালসালু’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’।
তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র ‘দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ’, ‘রাইডার্স টু সুন্দরবনস’, ‘আ টেল অব দ্য যমুনা রিভার’ ইত্যাদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

