ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে এলো নতুন নাটক ‘তাবুলা রাসা’। নাটকটি রচনা করেছেন হেনরিক ইবসেন।
গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আহমেদুল কবির।
নির্দেশক জানান, নাটকটি তাদের জন্য বিশেষ একটি প্রযোজনা। কারণ, হেনরিক ইবসেনের কোনো একক নাটক থেকে সরাসরি চিত্রনাট্য তৈরি করে এটি মঞ্চায়ন করা হয়নি। ইবসেন রচিত ‘আ ডল’স হাউস’, ‘পিয়ার গিন্ট’ ও ‘দ্য ওয়াইল্ড ডাক’—এই তিনটি নাটকের নির্বাচিত অংশ থেকে ‘তাবুলা রাসা’র চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
আহমেদুল কবির বলেন, ‘শিক্ষণপ্রক্রিয়ার অংশ হিসেবেই আমরা নাটকটি মঞ্চায়ন করেছি। হেনরিক ইবসেনের অনেক নাটক আমাদের পাঠ্য ছিল। তার নাটকের অনেক বিষয়ই আমাদের মনে দাগ কেটেছে। তার নাটকের ভেতর জীবন, বাস্তবতা, প্রকৃতি, মানুষে মানুষে সম্পর্ক, নারী নির্যাতন, রাজনৈতিক বাস্তবতা এবং সামাজিক অবস্থাসহ যেসব বিষয় আমাদের স্পর্শ করেছে, সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’
নির্দেশক জানান, মূল নাটকগুলোর থিম অক্ষুণ্ণ রেখেই চিত্রনাট্য সাজানো হয়েছে। ‘তাবুলা রাসা’ নামটি লাতিন ভাষা থেকে গৃহীত। এর আক্ষরিক অর্থ ‘পরিষ্কার স্লেট’ বা ‘শূন্য পট’।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শূন্য একটি স্লেট বা শূন্য শরীর নিয়ে কাজ করছি। সংলাপ ছাড়াও শরীর কীভাবে প্রতিক্রিয়া জানায় এবং শারীরিক অভিব্যক্তির মাধ্যমে কীভাবে একটি ভাষা তৈরি হয়—এই বিষয়গুলোই এই প্রযোজনার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি।’
নির্দেশকের মতে, নতুন চিন্তা ও সৃজনশীলতার বিকাশের জন্য পৃথিবীর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ভান্ডার থেকে সমৃদ্ধ হওয়া জরুরি। সেগুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নাটকটি প্রযোজনা করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। প্রযোজনাটিতে অভিনয়ও করেছেন বিভাগের শিক্ষার্থীরাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

