অভিনেতা হিসেবে সাফল্যের পর প্রথমবারের মতো নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। তার পরিচালনায় নির্মিত প্রথম কনটেন্ট ‘জ্বীনের বাচ্চা’ মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চরকি এক্সক্লুসিভ এই কনটেন্টটি দর্শকরা দেখতে পারবেন আজ রাত ১২টা থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি প্রথম প্রহরেই।
চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর মার্শাল কিংবা ’গুলমোহর’–এর রানা তালুকদারসহ আরও দুর্দান্তসব চরিত্রের অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান।
অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর হঠাৎ নির্মাণে কেন? এমন প্রশ্নে ইমরান জানান, অভিনয় তাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু তার ভেতরে সবসময়ই ছিল গল্প বলার এক অদম্য ক্ষুধা। তার ভাষায়, এটা এক ধরনের ’স্টোরিটেলিং ক্রেভিং’– যা তাকে ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে নিয়ে এসেছে। পরিচালক হিসেবে প্রথম কাজের শুরু করার আগে অনেক গল্প নিয়ে ভেবেছেন, অন্যের থেকে গুল্প শুনেছেন। কিন্তু ‘জ্বীনের বাচ্চা’র গল্প তাকে এমন নাড়া দিল যে, তা ফ্রেমবন্দি না করে শান্তি হলো না তার।
‘জ্বীনের বাচ্চা’ নামটা শুনলেই কৌতূহল তৈরি হয়। গল্পের দর্শন প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সার্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক ধরনের অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি এখানে।’
গ্রামীণ জীবনের চেনা গল্প মনে হলেও ‘জ্বীনের বাচ্চা’ সম্পূর্ণ ফিকশন। তবে এতে কিছুটা ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া রয়েছে বলে জানান নির্মাতা, যা বাস্তব ও অবাস্তবের সীমারেখাকে ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেয়।
‘জ্বীনের বাচ্চা’ কনটেন্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তার সঙ্গে রয়েছেন সরকার রওনক রিপন, আজাদ আবুল কালাম, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার। এরইমধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। সেখানে দেখা যায়, মৌসুমী হামিদের চরিত্রটি বাক্প্রতিবন্ধী এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় অশান্তি। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি— সব মিলিয়ে তিনি যেন এক নিঃসঙ্গ লড়াইয়ের মুখোমুখি।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, এটি শুধু মাতৃত্বের গল্প নয় বরং গভীর বেদনার গল্প। তার ভাষায়, ‘চরিত্রটিতে পেইন ছাড়া কিছু নেই। তবে তার কষ্ট কিছুটা লাঘব হয় তখনই, যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে কল্পনা করে বা অনুভব করে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

