চলছে নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী

বিনোদন রিপোর্টার

চলছে নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোজিয়াম: লাইফ অব পোয়েট্রি’ শীর্ষক প্রদর্শনীটি চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। এটি নাসির আলী মামুনের ৬৬তম একক প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের দুই খ্যাতিমান কবি শামসুর রাহমান ও আল মাহমুদকে নিয়ে নির্মিত সাদা-কালো প্রতিকৃতি এবং আর্কাইভাল উপকরণের একটি বিশেষ সংগ্রহ। আলোকচিত্রের দ্বিশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। এতে প্রায় ৬০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে সাদা-কালো আলোকচিত্রের চিরন্তন সৌন্দর্যকে তুলে ধরা হচ্ছে। এ আয়োজন আলো-ছায়ার সূক্ষ্ম ব্যবহার, সংযত বিন্যাস এবং অন্তরঙ্গ ফ্রেমিং দর্শককে কবিদের ব্যক্তিত্ব ও অন্তর্জগতের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

প্রদর্শনীর একটি বিশেষ আকর্ষণ হলো দুই কবির একটি ঐতিহাসিক সাক্ষাতের ভিজুয়াল দলিল। দীর্ঘদিনের মতপার্থক্যের পর ২০০৪ সালের ৩১ মে রাজধানীর শ্যামলীতে শামসুর রাহমানের বাসভবনে নাসির আলী মামুনের উদ্যোগে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সে সময় ধারণকৃত আলোকচিত্র ও ভিডিও, যা পরে প্রথম আলোয় প্রকাশিত হয়, তা এ প্রদর্শনীতে উপস্থাপিত হচ্ছে।

এটি দর্শকের সামনে এক বিরল সাহিত্যিক পুনর্মিলনের মুহূর্ত তুলে ধরবে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, পাঁচ দশকের বেশি সময় ধরে নাসির আলী মামুন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি ধারণ করে একটি গুরুত্বপূর্ণ ভিজুয়াল আর্কাইভ নির্মাণ করেছেন।

‘ক্যামেরার কবি’ হিসেবে পরিচিত এ শিল্পীর কাজ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত। এ প্রদর্শনী কেবল আলোকচিত্র নয়, সাহিত্য ও দৃশ্যশিল্পের এক গভীর সংলাপ হিসেবেও দর্শকের সামনে নতুন অভিজ্ঞতা তুলে ধরবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন