মিজানুর রহমান লাবু পরিচালিত ‘আতরবিবিলেন’ সিনেমা চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদ কিংবা সুবিধাজনক যেকোনো সময় সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। তিনি এর আগে ‘জলরঙ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মিজানুর রহমান লাবু।
‘আতরবিবি’ চরিত্র রূপায়ন প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, ‘সিনেমার গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। একটা সুখের জীবন কাটানোর স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশী কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বারবার বলি হতে হয় আতরবিবিকে। তার জীবনে নানান ঘাত-প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমায় উঠে আসে আতরবিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে এক সুতায় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন কাহিনি। এর পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।’
চরিত্রটি রূপায়নের জন্য অনেক পরিশ্রম করেছেন সুমি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আতরবিবিলেন’ সিনেমার নামভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাসা আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তারপর ক্যামেরার সামনে আতরবিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। রোজার মাসে অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিংয়ে এসে সিনেমার ফুটেজ দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমার এবং সিনেমার পুরো ইউনিটের কষ্ট সার্থক হবে বলে মনে করি।
সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। আরো অভিনয় করেছেন— রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও রাজবাড়ী, গোয়ালন্দ এবং ফরিদপুরের বিভিন্ন স্থানে ‘আতরবিবিলেন’ সিনেমার শুটিং হয়েছে। আগামী ঈদ কিংবা ঈদপরবর্তী কোনো সুবিধাজনক সময় সিনেমাটি মুক্তি পাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

