ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

ঢাকায় জগজিৎ সিংকে স্মরণ করে গজল সন্ধ্যা

উপমহাদেশের কিংবদন্তি গজলশিল্পী জগজিৎ সিংয়ের গান ও সংগীতঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আয়োজন করা হয় ‘গজল ইভনিং: অ্যা ট্রিবিউট টু জগজিৎ সিং’ শীর্ষক এক বিশেষ সংগীতসন্ধ্যা। শনিবার, ১০ অক্টোবর সন্ধ্যায় অ্যালিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে গজলপ্রেমীদের উপচে পড়া উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

গজলের কাব্যিক আবেদন, সুরের মাধুর্য ও আবেগের গভীরতাকে ঘিরে সাজানো হয়েছিল পুরো সন্ধ্যার পরিবেশনা। জগজিৎ সিংয়ের স্বতন্ত্র গায়কী ও তাঁর অমর গানগুলোর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা স্মরণ করার পাশাপাশি উপমহাদেশের সংগীতজগতে গজলের সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যও এই আয়োজনে বিশেষভাবে ফুটে ওঠে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মনোমুগ্ধকর গজল পরিবেশন করেন দেশের খ্যাতনামা গজলশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। তাঁর সঙ্গে অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতান আফসানা রুনা। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন ইন্দ্রাণী নিশি। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় গজলের মেলোডি, কাব্যিক সৌন্দর্য ও সুরের নানাদিক শ্রোতাদের মুগ্ধ করে। দর্শক-শ্রোতাদের এই ব্যাপক উপস্থিতি গজল সংগীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ এবং জগজিৎ সিংয়ের গানের চিরন্তন আবেদনকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।

সংগীতশিল্পী মঞ্জুরুল ইসলাম খান তাঁর সংগীতগুরু জগজিৎ সিংয়ের দ্বারা গভীরভাবে প্রভাবিত। গজলের চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে তিনি দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ভারতের বোম্বে বিশ্ববিদ্যালয় (বর্তমান মুম্বাই বিশ্ববিদ্যালয়) থেকে সংগীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সংগীত পরিবেশনার পাশাপাশি মঞ্জুরুল ইসলাম খান নিয়মিত অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘সাবকন্টিনেন্টাল ক্লাসিক্যাল মিউজিক ওয়ার্কশপ’ পরিচালনা করে আসছেন। এসব কর্মশালায় উপমহাদেশের দুই গুরুত্বপূর্ণ ধ্রুপদি সংগীতধারা—উত্তর ভারতের হিন্দুস্তানি ও দক্ষিণ ভারতের কর্ণাটকী সংগীত—সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। সংগীতের ইতিহাস, তত্ত্ব ও চর্চার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের এ অঞ্চলের সমৃদ্ধ ধ্রুপদি সংগীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন