বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ ধারণ করেন: এ্যানি

বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ ধারণ করেন: এ্যানি
ছবি: আমার দেশ

বিরোধীদল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে স্বাধীনতার সময়ের, অর্থাৎ ১৯৭১ সালের রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা বলে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেদিন আমরা শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথমদিন থেকে এই ৬ মাস পর্যন্ত এমন কোনোদিন নেই যে উনারা প্রতিবাদ বা আন্দোলন করার মতো হুংকার না দিয়েছেন, বা প্রোগ্রাম না করেছেন।

শনিবার বিকেলে লক্ষ্মীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির শুরুতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ্যানি চৌধুরী বলেন, ৬ মাসেই সব কাজ করে ফেলবেন, এটা কি আসলেই সম্ভব? একটা ধ্বংস স্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। তুষের আগুনে মধ্যে এখনো জ্বলছি। যদি পারতাম তাহলে ৬ মাসের মধ্যেই ঘরে ঘরে যে লোডশেডিংটা হচ্ছে, এটা না করে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারতাম। কিন্তু আসলে সম্ভব নয়। এখন গ্যাস নাই, গ্যাসটা এনে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। আমরা জানি সবার কষ্ট হচ্ছে। ৬ মাসের মধ্যে এ কাজটা সম্পন্ন করতে পারবো, এটা আসলে ইচ্ছে করলেই সম্ভব নয়। ১২ ফেব্রুয়ারি আগে যদি অন্তর্বর্তী সরকার এই কাজে হাত দিতেন, হয়ত বা আমাদের জন্য সহজ হতো। আমি ৬ মাসে পারিনি, আমাদের আরো সময় দিতে হবে, এটা হল বাস্তবতা, এটা লুকানোর কিছু নেই।

তিনি বলেন, সংসদে আমির সাহেব বলেছেন, আমি প্রধামন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি, কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে। এটাও বলেছেন, কোনো ইতররা এ সমস্ত অপকর্ম করেছে, তাদের গ্রেপ্তারের জন্য তিনি আবেদন জানিয়েছে। একদিকে পাটওয়ারী সাহেবের বক্তব্য, সে এতোদিন তারেক জিয়া, জিয়া পরিবারকে টার্গেট করে বলেছে এবং ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে তুই তাঙ্গারি করে অশ্লীল ভাষায়, অশালীন, এমন কিছু বক্তব্য দিয়ে যাচ্ছে। কই আমাদের আমির সাহেব অথবা যারা আমির সাহেবের সঙ্গে এখন বিরোধী দলের ঐক্যবদ্ধ হয়েছেন, একবারের মতো তাকে কি বারণ করেছিলেন? কারণ রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝেন না। রাজনীতির মাঠে যারা ফ্যাসিবাদের মতো আচরণ করতে চান, তাদের মধ্যেই এ ধরণের বক্তব্য।

তিনি আরও বলেন, একটা ছেলে এমন কিছু গালিগালাজ করেছে। নাম মুখে নিতে চাই না। আমির সাহেব বললেন, ভালোয় ভালোয় ছেড়ে দেন। সংসদে বললেন কি, আর আজকে লংমার্চে বললেন ভালোয় ভালোয় ছেড়ে দেন। লংমার্চে গিয়ে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে কথা বলে। স্লোগান দেয় হৈ হৈ রৈ রৈ- এরা (ছাত্রদল-যুবদল) গেলি কই। এটা হলো পাটওয়ারী সাহেবদের বক্তব্য। এটা হল আমাদের আমির সাহেবের বক্তব্য। আমির সাহেবের নেতৃত্বেই এ সমস্ত অশালীন, অশ্লীল বক্তব্যগুলো, রাজনীতিতে যেগুলো যায় না, সমাজে যেগুলো যায় না, বিবেক বর্জিত বক্তব্যগুলো তারা স্টাবলিশ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন