শুভ জন্মদিন

পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

বিনোদন রিপোর্টার

পরিচালক রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন নন্দিত নায়িকা রোজিনা। তবে এবার অভিনয়ে নয়, রোজিনাকে দেখা যাবে পরিচালক হিসেবে। বর্তমানে তিনি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমার নাম ‘এখনই সময়’। সিনেমার গল্প লিখছেন ছটকু আহমেদ। এর আগে ২০২৩ সালের ৩ মার্চ রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায়।

সিনেমার গল্প সম্পর্কে রোজিনা বলেন, ‘এখনই সময় মূলত আমাদের জীবনেরই গল্প, আমাদের এই সময়েরই গল্প। গল্পের প্রয়োজনে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা, থাকবে আরো নানান কিছু। সত্যি বলতে কী, সিনেমা জীবনেরই প্রতিচ্ছবি। কিন্তু তারপরও সিনেমা এমনই একটি বিষয়, যেখানে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক বিষয় চলে আসে। ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক এবং কাহিনীকার। তার ওপর আমার আস্থা আছে বলেই তাকে গল্প রচনা করতে দিয়েছি। তবে সিনেমা নির্মাণের ক্ষেত্রে যেহেতু বাজেট একটি বিষয়, তাই এখন বাজেট নিয়েই ভাবছি, সবকিছু ঠিকঠাক হলে আশা করছি চলতি বছরেই আমার দ্বিতীয় সিনেমা ‘এখনই সময়’-এর নির্মাণকাজ শুরু করতে পারব। সিনেমায় কে কে অভিনয় করবেন এগুলো এখনো প্রাথমিক ধাপে আছে। তবে আগের সিনেমার চেয়ে আমার এই সিনেমার গল্প অনেক বেশি সুন্দর।’

বিজ্ঞাপন

এদিকে আজ রোজিনার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে রোজিনা বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরটা পরিবারের সঙ্গেই কাটে। রাত ১২টা বাজলে পরিবারের সবাই কেক কাটি একসঙ্গে। জন্মদিনের সকালের দিকে বাইরে একটু কাজ আছে। বিকাল বা সন্ধ্যা থেকে পুরো সময়টা বাসাতেই থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আরো সুন্দর সুন্দর গল্পের সিনেমা যেন দর্শককে উপহার দিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, রোজিনা ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ সিনেমায় চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। শুটিং শেষ হওয়ার পর ১৯৭৮ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করায় রোজিনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমজাদ হোসেন পরিচালিত ‘কসাই’ সিনেমায় অভিনয়ের জন্য রোজিনা সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর মতিন রহমান পরিচালিত ‘জীবনধারা’ ও কবীর আনোয়ার পরিচালিত ‘দিনকাল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মতিন রহমানের ‘রাক্ষুসী’ সিনেমায় অভিনয়ের বহু বছর বিরতির পর তিনি তার ‘ফিরে দেখা’ সিনেমায় অভিনয় করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...